নিউজ ডেস্ক: দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক পাঠানোসহ বেলারুশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও শিল্প সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বৈঠকে কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, ওষুধ এবং পাট খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বেলারুশের রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত করতে নিয়মিত ফরেন অফিস কনসালটেশনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠকে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। সূত্র : বাসস


















