শরীর সুস্থ রাখতে ফাইবার: যা বলছেন বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক: আঁশযুক্ত খাবার বা ফাইবার শুধু হজমে সাহায্য করে না, এটি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং দীর্ঘায়ু লাভেও বিশেষ ভূমিকা রাখে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত পর্যাপ্ত ফাইবার সমৃদ্ধ খাবার খান, তাদের বার্ধক্যজনিত মানসিক সমস্যা হওয়ার ঝুঁকি অনেক কম থাকে।

বিশেষজ্ঞদের মতে, শস্যদানা, ফলমূল, ডাল এবং বাদাম ফাইবারের অন্যতম উৎস। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষই প্রয়োজনীয় পরিমাণ ফাইবার গ্রহণ করছেন না। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ৯০ শতাংশের বেশি মানুষ দৈনিক চাহিদার তুলনায় অনেক কম ফাইবার খান, যা স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

ফাইবার মূলত এক ধরনের কার্বোহাইড্রেট যা আমাদের হজম প্রক্রিয়ায় সহজে ভেঙে যায় না। এটি পাকস্থলী দীর্ঘক্ষণ পূর্ণ রাখে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এর ফলে স্থূলতা ও পেটের চর্বি কমানো অনেক সহজ হয়।

গবেষণা অনুযায়ী, যারা বেশি পরিমাণে ফাইবার গ্রহণ করেন তাদের অকাল মৃত্যুর ঝুঁকি ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যায়। প্রতিদিন অন্তত ২৫ থেকে ২৯ গ্রাম ফাইবার গ্রহণ করলে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং কোলন ক্যানসারের আশঙ্কা অনেক কমে আসে।

অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারেন স্কট জানান, ফাইবার আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে সাহায্য করে। এই প্রক্রিয়া চলার সময় ‘বিউটিরেট’ নামক এক প্রকার ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যা মস্তিষ্কের সুরক্ষায় কাজ করে। নিয়মিত ফাইবার খেলে মস্তিষ্কের কোষগুলো সজীব থাকে এবং স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার গতি কমে যায়।

৩,৭০০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, যারা সবচেয়ে বেশি ফাইবার গ্রহণ করেন তাদের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। অন্য একটি গবেষণায় দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে ফাইবার সমৃদ্ধ খাবার তাদের চিন্তাশক্তি ও বিচারবুদ্ধি তীক্ষ্ণ করতে সাহায্য করে।

কিংস কলেজ লন্ডনের গবেষক মেরি নি লোচলিন বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে বয়স্কদের মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব। অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর এই পদ্ধতি বর্তমান চিকিৎসা বিজ্ঞানে নতুন আশার আলো দেখাচ্ছে। সূত্র : বিবিসি।

লেখাটি শেয়ার করুন:

আরও সংবাদ পড়ুন

ব্লুমো নিউজ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ ও তথ্যের মাধ্যমে আপনাকে বাংলাদেশ ও বিশ্বের সঙ্গে সংযুক্ত রাখে।

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন