নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে মস্কো। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যা যা করা দরকার, তার সবকিছুই করবে রাশিয়া।
সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে পুতিন এই মন্তব্য করেন। তিনি জানান, সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বিশেষ বার্তা পেয়েছেন তিনি। খবর দ্য মিডল ইস্ট মনিটরের।
বৈঠকে পুতিন ইরানের সর্বোচ্চ নেতার প্রতি তার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তেহরানের সঙ্গে মস্কোর এই বিশেষ কৌশলগত সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তা আরও উন্নত করা হবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের মানুষ তাদের সার্বভৌমত্ব রক্ষায় বীরত্বের সঙ্গে লড়াই করছে। তিনি আশা করেন তারা বর্তমানের সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে। পুতিন আরও জানান, দ্রুত শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া ওই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় তার সবটুকু সামর্থ্য দিয়ে কাজ করবে।
ওমান ও পাকিস্তান সফর শেষ করে গত সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সূত্র : দ্য মিডল ইস্ট মনিটর।


















