নিউজ ডেস্ক: হাওরাঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে এই সহযোগিতা দেওয়া হবে।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ সংসদে হাওর অঞ্চলের কৃষকদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রবল বর্ষণে হাওর তলিয়ে যাওয়ায় কৃষকেরা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর এই আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পাওয়ার পর তিনি আগেই তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। আজ সকালে অধিবেশন শুরুর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন।
ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পাশাপাশি ময়মনসিংহের কিছু এলাকাতেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে সহায়তা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : অনলাইন।


















