নিউজ ডেস্ক: গত এক দশক ধরে স্মার্টফোন বা ল্যাপটপের পর্দার নীল আলো বা ‘ব্লু লাইট’কে ঘুমের প্রধান শত্রু মনে করা হতো। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্ক্রিনের এই আলো যতটা না দায়ী, তার চেয়েও বড় কারণ লুকিয়ে আছে আমাদের জীবনযাত্রায়। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় ব্লু লাইট নিয়ে প্রচলিত অনেক ধারণা এখন ভুল প্রমাণিত হচ্ছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমি জাইতজার জানান, স্মার্টফোনের আলো আমাদের ঘুমের ওপর খুব একটা প্রভাব ফেলে না। যদিও আমাদের চোখের প্রোটিন নীল আলোর প্রতি সংবেদনশীল, কিন্তু স্ক্রিন থেকে আসা আলোর পরিমাণ খুবই সামান্য। ল্যাবরেটরির বিশেষ পরিবেশে করা গবেষণার ফলাফল সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য নয়।
একটি সমীক্ষায় দেখা গেছে, ২৪ ঘণ্টা ডিজিটাল ডিভাইসের পর্দা থেকে যে পরিমাণ ব্লু লাইট আসে, তা মাত্র এক মিনিট বাইরে রোদে থাকার চেয়েও কম। এমনকি বিভিন্ন গবেষণার ১১টি পর্যালোচনায় দেখা গেছে, স্ক্রিনের আলো বড়জোর ৯ মিনিট পর্যন্ত ঘুমকে দেরি করাতে পারে, যা জীবনের ওপর বড় কোনো প্রভাব ফেলে না।
বিশেষজ্ঞরা মনে করেন, ব্লু লাইট ফিল্টার বা বিশেষ চশমা ব্যবহারের চেয়ে ঘুমের সঠিক পরিবেশ নিশ্চিত করা বেশি জরুরি। ফোনের নীল আলোকে ভয় না পেয়ে বরং রাতে ঘুমানোর আগে অন্যান্য অভ্যাস পরিবর্তন করলে ভালো ঘুমের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
সূত্র : বিবিসি


















