নিউজ ডেস্ক: দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, উগ্রবাদী বা কট্টরপন্থী গোষ্ঠী সব দেশেই থাকে। আমাদের দেশেও তেমন কিছু মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী থাকতে পারে, যাদের সম্পর্কে সবাই জানে।
সশস্ত্র বাহিনীতে জঙ্গিদের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রতিরক্ষা বাহিনীসহ দেশের সব সুশৃঙ্খল বাহিনীতে নিজস্ব গোয়েন্দা ব্যবস্থা রয়েছে। কোনো সদস্য রাষ্ট্রবিরোধী বা বেআইনি কাজে জড়িত কি না, তারা নিয়মিত তা নজরদারি করে।
তিনি জানান, সমন্বিত গোয়েন্দা নজরদারির মাধ্যমে যদি কারো বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং এতে নতুন কিছু নেই। সূত্র : দ্য ডেইলি স্টার


















