রাজধানীর শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ জন সদস্য। বৃহস্পতিবার রাতে এই হামলার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করেছে সমিতি। তারা এই ঘটনাকে একটি পরিকল্পিত ‘মব’ অ্যাটাক হিসেবে বর্ণনা করেছেন।
আহতদের মধ্যে সমিতির সভাপতি মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ ১০ জন সাংবাদিক রয়েছেন। ভুক্তভোগীরা জানান, শাহবাগ থানার ভেতরে সৃষ্ট একটি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের বাধা দেন এবং হেনস্তা করেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার এক পর্যায়ে ছাত্রদল নেতারা সাংবাদিকদের লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। এরপর হঠাৎ ‘মব’ তৈরি করে সাংবাদিকদের ওপর আক্রমণ চালানো হয়। উপস্থিত সাংবাদিকরা জানান, পুলিশের সামনেই এই মারধরের ঘটনা ঘটে।
এই হামলার প্রতিবাদে সাংবাদিক সমিতি তিন দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে—হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, জড়িতদের একাডেমিক বহিষ্কার এবং সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। সমিতির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
অন্যদিকে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালনে হয়রানির শিকার না হন, ছাত্রদল সেই প্রত্যাশা করে।


















