নিউজ ডেস্ক: চলতি বছরের শুরুতে পরিস্থিতির সামান্য উন্নতির আভাস পাওয়া গেলেও মার্চ মাসে ফিনল্যান্ডে বেকারত্বের হার আবারও বেড়েছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক শ্রমশক্তি জরিপ অনুযায়ী, মার্চ মাসে ১৫ থেকে ৭৪ বছর বয়সী বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজারে। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৩০ হাজার বেশি।
পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের তুলনায় দেশটিতে কর্মসংস্থানের সংখ্যাও কমেছে। বর্তমানে ফিনল্যান্ডে কর্মজীবী মানুষের সংখ্যা ২৫ লাখ ২৪ হাজার, যা আগের বছরের চেয়ে ২২ হাজার কম। বেকারত্বের হার নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি লক্ষ্য করা গেছে। বেকারদের মধ্যে ১ লাখ ৬৯ হাজার পুরুষ এবং ১ লাখ ৪৬ হাজার নারী রয়েছেন।
বর্তমানে দেশটিতে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১০.৪ শতাংশ, যা গত বছরের শেষে ছিল ১০.৭ শতাংশ। বেকারত্বের এই ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারের নির্ধারিত কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জন করা বেশ কঠিন হয়ে পড়বে। সূত্র : Yle News


















