নিউজ ডেস্ক: অনেক বাবা-মাই মনে করেন তাদের সন্তান পর্যাপ্ত ঘুমাচ্ছে, কিন্তু বাস্তবে শিশুদের আরও বেশি ঘুমের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের (এনএসএফ) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৪৪ শতাংশ শিশু তাদের বয়সের তুলনায় কম সময় ঘুমাচ্ছে। গবেষকরা বলছেন, শৈশবের সঠিক ঘুম কেবল বর্তমান স্বাস্থ্যই নয়, বরং ভবিষ্যৎ জীবনের মানসিক ও শারীরিক সুস্থতার ভিত্তি তৈরি করে।
আমেরিকার ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের পরামর্শ অনুযায়ী, নবজাতকদের জন্য দিনে ১৪ থেকে ১৭ ঘণ্টা এবং শিশুদের জন্য ১২ থেকে ১৫ ঘণ্টা ঘুম প্রয়োজন। এ ছাড়া ৩ থেকে ৫ বছর বয়সীদের ১০ থেকে ১৩ ঘণ্টা এবং স্কুলগামী শিশুদের ৯ থেকে ১১ ঘণ্টা ঘুমানো উচিত। তবে জরিপে দেখা গেছে, প্রায় ৭৮ শতাংশ অভিভাবকই তাদের নবজাতক শিশুর ঘুমের সঠিক প্রয়োজনীয়তা বুঝতে পারেন না।
গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ অভিভাবক মনে করেন পরিবারের সার্বিক শান্তির জন্য শিশুর নিরবচ্ছিন্ন ঘুম জরুরি। ৮০ শতাংশ অভিভাবক জানিয়েছেন, সন্তানের ঘুম ঠিকমতো না হলে তাদের নিজেদের ঘুমেও ব্যাঘাত ঘটে। আবার ৮৬ শতাংশের মতে, পর্যাপ্ত ঘুম হলে শিশুর মেজাজ ও আচরণ ভালো থাকে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, দাঁত ব্রাশ করার মতো ঘুমের প্রয়োজনীয়তা নিয়েও শিশুদের সঙ্গে নিয়মিত কথা বলা উচিত। এটি তাদের মস্তিষ্ক সচল রাখতে এবং শরীর গঠনে সাহায্য করে। শিশুরা যাতে পর্যাপ্ত বিশ্রাম পায় সেদিকে নজর দেওয়া এবং প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষকরা। সূত্র : সিএনএন


















