১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে নরওয়ে সরকার। চলতি বছরের শেষ নাগাদ দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হবে। শুক্রবার নরওয়ে সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত নতুন এই আইন অনুযায়ী, ব্যবহারকারীর বয়স যাচাই করার মূল দায়িত্ব থাকবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর নরওয়েসহ ইউরোপের বেশ কিছু দেশ এখন একই ধরণের কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর এক বিবৃতিতে বলেন, “আমরা শিশুদের জন্য এমন একটি শৈশব নিশ্চিত করতে চাই যেখানে তারা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে। শিশুদের খেলার সময়, বন্ধুত্ব এবং প্রতিদিনের জীবন যেন কেবল স্ক্রিন আর অ্যালগরিদমের নিয়ন্ত্রণে চলে না যায়, তা নিশ্চিত করতেই এই বড় পদক্ষেপ।”
নরওয়ে সরকার এখনও নির্দিষ্ট কোনো অ্যাপের নাম ঘোষণা করেনি। তবে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞায় মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম ছাড়াও টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব এবং এক্স (সাবেক টুইটার) অন্তর্ভুক্ত ছিল। নরওয়ের বর্তমান সংখ্যালঘু লেবার সরকার ২০২৬ সালের শেষ নাগাদ এই আইনটি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে।


















