বিত্তবানদের নতুন স্বর্গরাজ্য ইতালি: কর সুবিধায় ঝুঁকছেন বিশ্বের শীর্ষ ধনীরা

বিশ্বের শীর্ষ ধনী ও বিত্তবানদের জন্য ইতালি এখন নতুন এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশ থেকে করের বড় বোঝা এড়াতে অনেক ধনাঢ্য ব্যক্তি এখন ইতালিতে পাড়ি জমাচ্ছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণেও অনেক বিত্তবান ইউরোপের এই দেশটিকে নিরাপদ ও লাভজনক গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।

ইতালির বর্তমান কর ব্যবস্থা বিত্তবানদের জন্য অত্যন্ত সুবিধাজনক। দেশটিতে বিদেশি আয়ের ওপর একটি নির্দিষ্ট পরিমাণ বার্ষিক কর বা ‘ফ্ল্যাট ট্যাক্স’ দেওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে এই করের সর্বোচ্চ সীমা ৩ লাখ ইউরো। এর মানে হলো, একজন ব্যক্তি বিদেশ থেকে যত কোটি টাকাই আয় করুন না কেন, তাকে বছরে ৩ লাখ ইউরোর বেশি কর দিতে হবে না। এই সহজ ও স্বচ্ছ কর পদ্ধতির কারণেই মূলত সম্পদশালীরা ইতালির প্রতি আগ্রহী হচ্ছেন।

ফ্রান্সের তুলনায় ইতালিতে সম্পত্তির ওপর কর অনেক কম। ফ্রান্সে বিপুল সম্পত্তির মালিকদের বড় অঙ্কের সম্পদ কর দিতে হলেও ইতালিতে নিজের কেনা প্রথম বাড়ির ক্ষেত্রে কোনো কর দিতে হয় না। এছাড়া ১০ লাখ ইউরো পর্যন্ত সম্পত্তির উত্তরাধিকারদের কোনো কর দিতে হয় না। যেখানে ফ্রান্সে এই সীমা অনেক কম এবং করের হার অনেক বেশি, যা বিত্তবানদের জন্য বেশ কষ্টসাধ্য।

কর বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা এবং ঘন ঘন করের নিয়ম পরিবর্তন হওয়ায় অনেক ধনী ব্যক্তি দেশটি ছাড়ার কথা ভাবছেন। বিশেষ করে ২০২৭ সালের নির্বাচনের পর পরিস্থিতি আরও কঠিন হতে পারে এমন আশঙ্কায় অনেকে এখন ইতালিতে স্থায়ী হতে চাইছেন। শুধু ফ্রান্স নয়, লন্ডনে কর্মরত অর্থ খাতের পেশাদাররাও কর সুবিধার কারণে ইতালির দিকে ঝুঁকছেন।

যদিও দুবাইয়ের মতো দেশগুলোতে কর দিতে হয় না, তবুও ইউরোপের প্রাণকেন্দ্রে একটি স্থিতিশীল জীবনযাপন এবং স্বচ্ছ কর ব্যবস্থার নিশ্চয়তা খুঁজছেন অনেকে। কর বিশেষজ্ঞদের মতে, ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় ইতালির এই কর সুবিধা বিত্তবানদের জন্য দেশটিকে একটি সত্যিকারের ‘ট্যাক্স হ্যাভেন’ বা কর স্বর্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

লেখাটি শেয়ার করুন:

আরও সংবাদ পড়ুন

ব্লুমো নিউজ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ ও তথ্যের মাধ্যমে আপনাকে বাংলাদেশ ও বিশ্বের সঙ্গে সংযুক্ত রাখে।

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন