নিউজ ডেস্ক: এক সময়ের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র এখন অনেক ভারতীয় বংশোদ্ভূতের কাছেই আর আগের মতো নেই। ওয়াশিংটন ডিসিভিত্তিক প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্টের এক সাম্প্রতিক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের বড় একটি অংশ এখন দেশটি ছেড়ে যাওয়ার কথা ভাবছেন।
জরিপ সংস্থা ইউগভের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ ভারতীয় আমেরিকান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চাপের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার চিন্তা করছেন। এর মধ্যে ১৪ শতাংশ মানুষ নিয়মিত এবং ২৬ শতাংশ মানুষ মাঝেমধ্যে এমন ভাবনা পোষণ করেন।
জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশ মানুষ দেশ ছাড়ার প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন। এছাড়া জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগও তাদের এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসাকে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে অসন্তোষ বেড়েছে। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ মানুষ ট্রাম্পের অভিবাসন নীতি ও অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন। অনেকের মতে, রাজনৈতিক পরিবেশের পরিবর্তন তাদের মধ্যে অনিরাপদ বোধ তৈরি করছে।
সামাজিক বৈষম্য ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়কেও বড় সমস্যা হিসেবে দেখছেন অভিবাসীরা। কর্মক্ষেত্র ও অনলাইনে হওয়া বৈষম্য নিয়ে মানুষ এখন অনেক বেশি উদ্বিগ্ন। এর ফলে অনেকে নিজেদের প্রকাশ্য স্থানে আচরণ এবং কথা বলার ধরনেও পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন।
অর্থনৈতিক চাপের দিকটিও বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। বড় শহরগুলোতে উচ্চ আবাসন ভাড়া এবং মুদ্রাস্ফীতির কারণে অনেক মধ্যবিত্ত পরিবার হিমশিম খাচ্ছে। ২১ শতাংশ অংশগ্রহণকারী মূল্যস্ফীতিকে এবং ১৭ শতাংশ চাকরির নিরাপত্তাহীনতাকে তাদের প্রধান উদ্বেগের কারণ বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার দীর্ঘসূত্রতা এবং গ্রিন কার্ড পেতে দেরি হওয়াও ভারতীয় পেশাজীবীদের হতাশ করছে। বছরের পর বছর অপেক্ষার পরও স্থায়ী বসবাসের অনিশ্চয়তা তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। সূত্র : অনলাইন


















